অর্থবছরের প্রথম ৭ মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে যে বিভাগে
চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) দেশে সবচেয়ে বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন ঢাকা বিভাগের প্রবাসীরা। আর সবচেয়ে কম রেমিট্যান্স এসেছে রংপুর বিভাগ থেকে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
প্রতিবেদন অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত সময়ে দেশে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৯৪৩ কোটি ২১ লাখ মার্কিন ডলার।
এর মধ্যে ঢাকা বিভাগে এসেছে সর্বোচ্চ ১ হাজার ১৯ কোটি ১৪ লাখ ডলার।
দ্বিতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম বিভাগ। এই সময়ে বিভাগটিতে এসেছে ৫২৭ কোটি ৯ লাখ ডলার। এছাড়া সিলেট বিভাগে এসেছে ১৫৯ কোটি ৯ লাখ ডলার, খুলনায় ৭৬ কোটি ৭২ লাখ ডলার, রাজশাহীতে ৬১ কোটি ৪৩ লাখ ডলার, বরিশালে ৪৫ কোটি ৭ লাখ ডলার, ময়মনসিংহে ৩২ কোটি ৬১ লাখ ডলার এবং রংপুর বিভাগে এসেছে সর্বনিম্ন ২২ কোটি ৬ লাখ ডলার রেমিট্যান্স।
এদিকে, শুধু গত জানুয়ারি মাসেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৩১৭ কোটি ৯ লাখ মার্কিন ডলার। এর মধ্যে ঢাকা বিভাগে এসেছে ১৫৭ কোটি ৮২ লাখ ডলার, যা সর্বোচ্চ। চট্টগ্রাম বিভাগে এসেছে ৯২ কোটি ৪৯ লাখ ডলার। এছাড়া সিলেট বিভাগে ২৯ কোটি ৭ লাখ ডলার, খুলনায় ১২ কোটি ২৬ লাখ ডলার, রাজশাহীতে ১০ কোটি ১৯ লাখ ডলার, বরিশালে ৬ কোটি ৭৬ লাখ ডলার, ময়মনসিংহে ৫ কোটি ২৫ লাখ ডলার এবং রংপুর বিভাগে এসেছে ৩ কোটি ২৫ লাখ ডলার রেমিট্যান্স।


