শিল্প অংশীদারত্ব জোরদারে বাংলাদেশ সফরে আরএকে সিরামিকসের গ্রুপ সিইও
আরএকে সিরামিকস পিজেএসসি, ইউএইর গ্রুপ প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের চেয়ারম্যান আবদুল্লাহ মাসআদ ২৫-২৭ জুলাই পর্যন্ত তিনদিনের সফরে বাংলাদেশে এসেছেন।
এ সফরে তার সঙ্গে রয়েছেন আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের পরিচালক ও আরএকে সিরামিকস গ্রুপের জ্যেষ্ঠ নেতা মনোজ আহিরে। সফরকালে আবদুল্লাহ মাসআদ বাংলাদেশের শীর্ষস্থানীয় স্থপতি, নির্মাণপ্রতিষ্ঠান, ডিলার, ব্যবসায়িক অংশীদার ও আরএকে সিরামিকস বাংলাদেশের নেতৃত্বদানকারী দলের সঙ্গে একাধিক বৈঠকে অংশ নেবেন। শিল্প খাতের পারস্পরিক সহযোগিতা সুদৃঢ় করা, নকশা ও উদ্ভাবন-সম্পর্কিত অভিজ্ঞতা বিনিময় এবং বাংলাদেশের বাজারে গ্রুপের দীর্ঘমেয়াদি অঙ্গীকারকে পুনর্ব্যক্ত করাই এসব যোগাযোগের মূল উদ্দেশ্য। মাসআদ আরএকে সিরামিকস বাংলাদেশের কর্মীদের উদ্দেশেও বক্তব্য রাখবেন। এ সময় তিনি গ্রুপের কৌশলগত দৃষ্টিভঙ্গি তুলে ধরার পাশাপাশি গ্রাহককেন্দ্রিক উদ্ভাবন, পরিচালনাগত উৎকর্ষ, ডিজিটাল রূপান্তর, টেকসই মান (সাসটেইনেবিলিটি) ও ম্যানুফ্যাকচারিং খাতের শীর্ষ নেতৃত্বকে ভবিষ্যতের প্রবৃদ্ধির মূল চালিকাশক্তি হিসেবে গুরুত্বারোপ করেন।
আরএকে সিরামিকস (বাংলাদেশ) লিমিটেডের সিইও খুরশেদ আলম বলেন, ‘আবদুল্লাহ মাসআদকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে আমরা অত্যন্ত সম্মানিত। তার এ সফর আরএকে সিরামিকস গ্রুপের বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশের বাজারের কৌশলগত গুরুত্বকে প্রতিফলিত করে এবং উদ্ভাবন, গুণগত মান ও গ্রাহকসেবার প্রতি আমাদের প্রতিশ্রুতিকে পুনরায় নিশ্চিত করে। আমরা স্থপতি, নির্মাণপ্রতিষ্ঠান, ডিলার ও ব্যবসায়িক অংশীদারদের সঙ্গে সহযোগিতা আরো সুদৃঢ় করার পাশাপাশি বাংলাদেশের নির্মাণ শিল্পের টেকসই প্রবৃদ্ধিতে অবদান রাখতে উদগ্রীব।"আরএকে সিরামিকস গ্রুপের জন্য বাংলাদেশ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাজার হিসেবে বিবেচিত হয়ে আসছে। ধারাবাহিক পণ্য উদ্ভাবন, আধুনিক প্রযুক্তিনির্ভর উৎপাদন ব্যবস্থা ও গ্রাহকবান্ধব সমাধান প্রদানের মাধ্যমে আরএকে সিরামিকস (বাংলাদেশ) বিশ্বমানের সিরামিক পণ্য সরবরাহ নিশ্চিত করতে এবং দেশের বিকাশমান নির্মাণ ও স্থাপত্য শিল্প খাতে ধারাবাহিক অবদান রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।’


