সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিমে ব্যাংক এশিয়া
সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়।
সিএমএসএমই খাতে ৫ হাজার কোটি টাকার চলতি মূলধন পুনঃঅর্থায়ন স্কিমে অংশ নিতে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংক এশিয়া পিএলসি। সম্প্রতি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়। ব্যাংক এশিয়ার সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডেপুটি গভর্নর মো. আনিছুর রহমান। এ সময় বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক মো. জবদুল ইসলাম ও ব্যাংক এশিয়ার উপব্যবস্থাপনা পরিচালক সৈয়দ জুলকার নাইন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্র হস্তান্তর করেন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক নাহিদ রহমান ও অতিরিক্ত পরিচালক শাহানাজ পারভীন এবং ব্যাংক এশিয়ার হেড অব স্মল বিজনেস মোহাম্মদ সাউফুদ্দৌলা।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ তহবিলের আওতায় সিএমএসএমই খাতে চলতি মূলধনের অভাবে পূর্ণ সক্ষমতায় উৎপাদন, সেবা বা ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে পারছে না এমন প্রতিষ্ঠানকে ৯ শতাংশ সুদে অর্থায়ন সুবিধা দেয়া হবে।


