শিরোনাম

South east bank ad

৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করবে জিপিএইচ ইস্পাত

 প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   কর্পোরেট

৯৬৮ কোটি টাকার রাইট শেয়ার ইস্যু করবে জিপিএইচ ইস্পাত

১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে রাইট শেয়ার ইস্যুর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত লিমিটেড রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। তথ্য অনুসারে, রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে কোম্পানিটি ৯৬৭ কোটি ৭৬ লাখ ৬৯ হাজার ১২০ টাকা সংগ্রহ করবে, যা কোম্পানিটির ঋণ পরিশোধে ব্যবহার করা হবে।

১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে রাইট শেয়ার ইস্যুর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কোম্পানিটি ২:১ (প্রতিটি সাধারণ শেয়ারের বিপরীতে দুটি রাইট শেয়ার) হিসেবে রাইট শেয়ার ইস্যু করবে, যেখানে প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য হবে ১০ টাকা। এজিএমে শেয়ারহোল্ডারদের মতামত এবং নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের অনুমোদন সাপেক্ষে সিদ্ধান্তটি কার্যকর হবে।

আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০২৫-২৬ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৭ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি লোকসান ছিল ৫১ পয়সা। ৩০ জুন ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫১ টাকা ৮১ পয়সায়।

২০২৪-২৫ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে জিপিএইচ ইস্পাতের শেয়ারপ্রতি লোকসান হয়েছে ৫১ পয়সা। আগের হিসাব বছরে ইপিএস ছিল ১ টাকা ৭৭ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৫১ টাকা ৭২ পয়সায়।

BBS cable ad

কর্পোরেট এর আরও খবর: