শিরোনাম

South east bank ad

২০২৬-২৭ অর্থবছরে ভারতে প্রবৃদ্ধির গতি কমার পূর্বাভাস

 প্রকাশ: ০৭ জানুয়ারী ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   আমদানী/রপ্তানী

২০২৬-২৭ অর্থবছরে ভারতে প্রবৃদ্ধির গতি কমার পূর্বাভাস

চলতি ২০২৫-২৬ অর্থবছরে (এপ্রিল-মার্চ) ভারতের অর্থনীতি ৭ দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে পারে। তবে আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রবৃদ্ধির হার সে তুলনায় কম হওয়ার পূর্বাভাস দিয়েছে ইন্ডিয়া রেটিংস অ্যান্ড রিসার্চ (ইন্ড-রা)। খবর দ্য হিন্দু।

সংস্থাটি গতকাল জানিয়েছে, আগামী এপ্রিলে শুরু হতে যাওয়া ২০২৬-২৭ অর্থবছরে ভারতের অর্থনীতি ৬ দশমিক ৯ শতাংশ হারে সম্প্রসারণ হতে পারে।

সংস্থাটির মতে, ২০২৬-২৭ অর্থবছরে একাধিক বিষয় ভারতের অর্থনীতিতে প্রভাব ফেলবে। এর মধ্যে রয়েছে গত বছরের বাজেটে ঘোষিত আয়কর ছাড়, জিএসটি কাঠামোর যৌক্তিকীকরণের মতো সংস্কারমূলক পদক্ষেপ এবং ওমান, যুক্তরাজ্য ও নিউজিল্যান্ডের সঙ্গে তিনটি বাণিজ্য চুক্তি। চুক্তিগুলো মার্কিন শুল্কজনিত বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও ভারতের অর্থনীতিকে স্থিতিশীল রাখতে সহায়তা করবে।

ইন্ড-রার প্রধান অর্থনীতিবিদ দেবেন্দ্র কুমার পান্থ বলেন, ‘আগামী অর্থবছরে প্রধান প্রতিকূলতার মধ্যে রয়েছে চলতি বছরের মাঝামাঝি থেকে এল নিনো পরিস্থিতি, দুর্বল পুঁজিপ্রবাহের কারণে মুদ্রার অবমূল্যায়ন, বৈশ্বিক বাণিজ্যে মন্থর প্রবৃদ্ধি, ২০২৫-২৬ অর্থবছরের শক্তিশালী প্রবৃদ্ধির ফলে বেজ ইফেক্ট এবং জিএসটি যৌক্তিকীকরণের কারণে নিট উৎপাদন করের প্রবৃদ্ধি কমে যাওয়া। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) উদীয়মান চ্যালেঞ্জ হিসেবে দেখা দিচ্ছে।’

অবশ্য আগামী অর্থবছরে প্রবৃদ্ধির ঝুঁকিগুলো মোটামুটি ভারসাম্যপূর্ণ অবস্থায় থাকবে বলে মত দেবেন্দ্র কুমার পান্থের। তিনি বলেন, ‘ভারত-যুক্তরাষ্ট্রের মধ্যে দ্রুত বাণিজ্য চুক্তি হলে এবং ভারত মহাসাগরীয় অবহাওয়া অনুকূল থাকলে ২০২৬ সালের মাঝামাঝি সম্ভাব্য এল নিনোর প্রভাব অনেকটাই কমে যেতে পারে এবং জিডিপি প্রবৃদ্ধি আমাদের পূর্বাভাসের তুলনায় বেশি হতে পারে। তবে ভোগ ও বিনিয়োগের মাধ্যমে চাহিদা পুনরুদ্ধার প্রত্যাশার তুলনায় দুর্বল হলে প্রবৃদ্ধির গতি কমে যেতে পারে।’

তিনি আরো জানান, আগামী কয়েক মাসে জিডিপি ও ভোক্তা মূল্যসূচক (সিপিআই) উভয়েরই ভিত্তি বছর পরিবর্তন করবে ভারত। জিডিপির ভিত্তি অর্থবছর ২০১১-১২-এর পরিবর্তে ধরা হবে ২০২২-২৩। সিপিআইয়ের ভিত্তি বছর ২০১২ থেকে বদলে হবে ২০২৪ সাল। তথ্য প্রকাশের পর নতুন ভিত্তি বছর অনুযায়ী অর্থনৈতিক পূর্বাভাস সংশোধন হবে।

ভোগব্যয় প্রসঙ্গে ইন্ড-রা জানিয়েছে, গ্রামীণ অঞ্চলে চাহিদা তুলনামূলক স্থিতিশীল থাকলেও ভারতের শহুরে অঞ্চলে চাহিদার দুর্বলতা সামগ্রিক ভোগব্যয়ের ওপর চাপ সৃষ্টি করছে।

মূল্যস্ফীতি প্রসঙ্গে ইন্ড-রা বলেছে, চলতি অর্থবছরের বাকি সময় এবং ২০২৬-২৭ অর্থবছরে মূল্যস্ফীতি অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে। স্থিতিশীল কৃষি উৎপাদন ও কম মূল্যস্ফীতি গ্রামীণ প্রকৃত মজুরি বৃদ্ধিকে ইতিবাচক রাখবে, যা আগামী অর্থবছরে ভোগব্যয় বৃদ্ধিকে সহায়তা করবে।

BBS cable ad

আমদানী/রপ্তানী এর আরও খবর: