শিরোনাম

South east bank ad

ইবিএল চতুর্থ সাব অর্ডিনেটেড বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ মেটলাইফের

 প্রকাশ: ২৪ অগাস্ট ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   বীমা

ইবিএল চতুর্থ সাব অর্ডিনেটেড বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ মেটলাইফের
 

ইস্টার্ন ব্যাংক পিএলসির (ইবিএল) চতুর্থ সাব-অর্ডিনেটেড বন্ডে ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে মেটলাইফ বাংলাদেশ।

এর মাধ্যমে দেশে জীবন বীমা প্রতিষ্ঠানটির বিনিয়োগ পোর্টফোলিও আরো শক্তিশালী ও বহুমুখী হয়েছে। মেটলাইফের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, সরকারি বন্ডের পাশাপাশি করপোরেট বন্ডেও বিনিয়োগ করছে মেটলাইফ। এর মাধ্যমে করপোরেট খাতে টেকসই অর্থায়নে অবদান রাখার পাশাপাশি পলিসিহোল্ডারদের জন্য দীর্ঘমেয়াদে আরো ভালো রিটার্ন নিশ্চিত করা সম্ভব হচ্ছে। সাম্প্রতিক এ বিনিয়োগের ফলে মেটলাইফ বাংলাদেশের মোট বিনিয়োগ পোর্টফোলিও দাঁড়িয়েছে প্রায় ১৯ হাজার কোটি টাকা।

এ প্রসঙ্গে মেটলাইফ বাংলাদেশের মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) আলা আহমদ বলেন, ‘দেশের অন্যতম বৃহৎ বিনিয়োগকারী হিসেবে ইবিএলের সঙ্গে আমাদের এ অংশীদারত্ব আর্থিক খাতকে আরো শক্তিশালী করতে যৌথ অঙ্গীকারকে তুলে ধরে। একই সঙ্গে আমরা দায়িত্বশীলভাবে আমাদের বিনিয়োগ পোর্টফোলিও সম্প্রসারণ করছি, যাতে পলিসিহোল্ডারদের জন্য নিরাপদ ও টেকসই রিটার্ন নিশ্চিত করা যায়।’

ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হাসান ও. রশিদ বলেন, ‘করপোরেট প্রতিষ্ঠানগুলোর জন্য বহুমুখী বিনিয়োগের সুযোগ তৈরি করতে ইবিএল তার শক্তিশালী আর্থিক ভিত্তি ও দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগানোর ওপর প্রাধান্য দিচ্ছে। সাব-অর্ডিনেটেড বন্ডের মতো বিনিয়োগ ব্যবস্থা ব্যবসায়িক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখার পাশাপাশি বাজারে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ বাড়াতে এবং বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখছে।’

মেটলাইফ জানিয়েছে, করপোরেট ও রিটেইল ব্যাংকিং—উভয় ক্ষেত্রেই ইস্টার্ন ব্যাংক বাংলাদেশের শীর্ষস্থানীয় ব্যাংকগুলোর অন্যতম। অন্যদিকে দেশের শীর্ষস্থানীয় জীবন বীমা প্রতিষ্ঠান হিসেবে প্রায় ১০ লাখ ব্যক্তিগত গ্রাহক ও ৯ শতাধিক করপোরেট গ্রাহককে সেবা দিচ্ছে মেটলাইফ বাংলাদেশ।

BBS cable ad