মেঘনা লাইফের ঋণমান ‘এএ৩’
বীমা খাতের তালিকাভুক্ত কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স পিএলসির সর্বশেষ সার্ভিলেন্স রেটিং দীর্ঘমেয়াদে ‘এএ৩’।
কোম্পানিটির ৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, চলতি ২০২৬ হিসাব বছরের ৩১ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত ও পরিমাণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের জীবন বীমা তহবিল ২০২৬ হিসাব বছরের ৩০ জুন শেষে ১ হাজার ৫২০ কোটি টাকায়, আগের হিসাব বছরের একই সময়ে এ তহবিলের পরিমাণ ছিল ১ হাজার ৫৩৩ কোটি ৭৫ লাখ টাকা। আলোচ্য সময়ে কোম্পানিটির বীমা দাবিসহ মোট আয়ের তুলনায় ব্যয় বেশি হওয়ায় ৭ কোটি ৫৩ লাখ টাকা ঘাটতি হয়েছে। আগের হিসাব বছরের একই সময়ে বীমা দাবিসহ মোট আয়ের তুলনায় ব্যয় কম হওয়ায় কোম্পানিটির উদ্বৃত্তের পরিমাণ ৬ কোটি ৪৫ লাখ টাকা।
সর্বশেষ সমাপ্ত ২০২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য কোনো লভ্যাংশ সুপারিশ করেনি মেঘনা লাইফ ইন্স্যুরেন্সের পর্ষদ। আগের ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। ২০২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১৫ শতাংশ নগদ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির বিনিয়োগকারীরা। ২০২২ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে মেঘনা লাইফ।


