বসুন্ধরা সিটিতে সনির নতুন শোরুম ও ক্যামেরা সার্ভিস সেন্টার
নতুন এ সেবার মাধ্যমে বাংলাদেশের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি কমিউনিটির পেশাদার ও সাধারণ গ্রাহকরা স্থানীয় বাজারেই সনির অনুমোদিত মেরামত সুবিধা নিতে পারবেন।
বাংলাদেশে প্রথমবারের মতো অনুমোদিত ক্যামেরা সার্ভিস (এসিএস) সেন্টার চালু করেছে প্রযুক্তি ব্র্যান্ড সনি। একই সঙ্গে রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে নতুন একটি শোরুম উদ্বোধন করেছে প্রতিষ্ঠানটি। বসুন্ধরা সিটির লেভেল ১, ব্লক বি-এর ২০ ও ৩০ নম্বর দোকানে একই ছাদের নিচে শোরুম ও স্থানীয় অনুমোদিত মেরামত ও সার্ভিসিং সুবিধা চালু করা হয়েছে বলে সনির এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়।
নতুন এ সেবার মাধ্যমে বাংলাদেশের ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফি কমিউনিটির পেশাদার ও সাধারণ গ্রাহকরা স্থানীয় বাজারেই সনির অনুমোদিত মেরামত সুবিধা নিতে পারবেন।
সম্প্রতি বসুন্ধরা সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের সিনিয়র জেনারেল ম্যানেজার (অপারেশনস) মেজর শেখ মুহাম্মদ মিজানুর রহমান (অব.) এবং সনি করপোরেশনের গ্লোবাল সেলস অ্যান্ড মার্কেটিংয়ের ইমেজিং মার্কেটিং ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কোজি সেকিগুচি ফিতা কেটে সার্ভিস সেন্টারটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে ফুজি সিস্টেমস ইন্টারন্যাশনালের (এফএসআই) জেনারেল ম্যানেজার চ্যাং জং এবং সনি রিজিওনাল মার্কেটিংয়ের (সিঙ্গাপুর) মার্কেটিং প্রধান ইয়াপ ইয়ুং উপস্থিত ছিলেন।


