শুভ জন্মদিন নাজমুল হাসান পাপন
নাজমুল হাসান পাপন এর জন্মদিন আজ। প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও গ্রেনেড হামলায় নিহত নারীনেত্রী শহীদ আইভি রহমানের পুত্র তিনি। নাজমুল হাসান পাপন বাংলাদেশের জাতীয় সংসদের বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান সভাপতি। এছাড়াও, তিনি দেশের বৃহত্তম ঔষধ প্রস্তুতকারী সংস্থা বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। আবাহনী লিমিটেডের ক্রিকেট কমিটির সভাপতি। ক্রিকেটের একনিষ্ঠ ভক্ত ও সফলতম ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত পাপন ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের অন্যতম দল আবাহনী লিমিটেডের সাথে প্রায় এক দশককাল জড়িত আছেন। ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত আবাহনী’র ক্রিকেট কমিটির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়াও, ২০০৬ সালের কর্পোরেট ক্রিকেট লীগের চ্যাম্পিয়ন বেক্সিমকো ক্রিকেট দলের সভাপতি ছিলেন। বাংলাদেশ প্রিমিয়ার লীগ টি২০-এর উদ্বোধনী আসরে উপদেষ্টা কমিটির সভাপতিত্ব করেছিলেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ১৪ তম সভাপতি হিসেবে দায়িত্ব নেবার পূর্বে, পাপন ২০০৮ সাল থেকে আবাহনী ক্রিকেট দলের সভাপতির দায়িত্ব পালন করছেন। নিজ এলাকা কিশোরগঞ্জের ভৈরবে রাজনীতিবিদ হিসেবেও তুমুল জনপ্রিয়। নাজমুল হাসান পাপন কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) আসনের টানা তিন মেয়াদের সংসদ সদস্য।


