ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টের উদ্বোধন
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে আনুষ্ঠানিকভাবে যাত্রা করেছে পাঁচ তারকা মানের হোটেল ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট। এ উপলক্ষে গতকাল উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে ইউনাইটেড গ্রুপের উপদেষ্টা ও পরিচালকরাসহ আন্তর্জাতিক অংশীদার আইএইচজি হোটেলস অ্যান্ড রিসোর্টসের প্রতিনিধিরা অংশ নেন। এ সময় কেক কাটার মধ্য দিয়ে হোটেলটির উদ্বোধন ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে ইউনাইটেড গ্রুপের প্রধান উপদেষ্টা হাসান মাহমুদ রাজা এবং প্রতিষ্ঠাতা উপদেষ্টা আখতার মাহমুদ ও কেএম আহসান শামীম উপস্থিত ছিলেন। এছাড়া অন্যদের মধ্যে ছিলেন শিল্প গ্রুপটি চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মঈনউদ্দিন হাসান রশীদসহ পরিচালক নিজামউদ্দিন হাসান রশীদ, খন্দকার জায়েদ আহসান, শারফুদ্দিন আকতার রশিদ ও কুতুবউদ্দিন আক্তার রশিদ।
অনুষ্ঠানে বক্তব্য দেন আইএইচজি সাউথ ওয়েস্ট এশিয়ার এরিয়া জেনারেল ম্যানেজার এবং ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্ট ও ইন্টারকন্টিনেন্টাল ঢাকা এয়ারপোর্টের ক্লাস্টার জেনারেল ম্যানেজার অশ্বনি নায়ার। তিনি বলেন, ‘এ হোটেল ইউনাইটেড গ্রুপ ও আইএইচজির সমন্বিত উদ্যোগের প্রতিফলন, যা রাজধানীর আতিথেয়তা খাতে ইতিবাচক সংযোজন হবে।’
অনুষ্ঠানে আইপিসিও ডেভেলপমেন্টস লিমিটেড ও আইপিসিও হোটেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক খন্দকার জায়েদ আহসান বলেন, ‘ইউনাইটেড গ্রুপ ও আইএইচজি পরিবারের সম্মিলিত প্রচেষ্টায় এ প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এর মাধ্যমে একটি উল্লেখযোগ্য আতিথেয়তা গন্তব্যের ভিত্তি তৈরি হলো।’
ক্রাউন প্লাজা ঢাকা এয়ারপোর্টে রয়েছে ২৮৪টি কক্ষ ও স্যুইট, যেখানে কাজ, বিশ্রাম ও অবসরের জন্য আলাদা নকশাগত বিন্যাস রাখা হয়েছে। প্রায় নয় হাজার বর্গফুট জায়গাজুড়ে সেলেস্টিয়াল বলরুমে একসঙ্গে ১ হাজার ১০০ অতিথির আয়োজন করা সম্ভব। পাশাপাশি অরোরা ১ ও ২ এবং মিস্ট মিটিং রুমে সেমিনার ও করপোরেট আয়োজনের সুবিধা রয়েছে, যেখানে আধুনিক অডিও-ভিজুয়াল প্রযুক্তি সংযুক্ত।


