হুন্দাই গাড়ি কেনায় ব্র্যাক ব্যাংক দেবে বিশেষ অটো লোন সুবিধা
হুন্দাই ব্র্যান্ডের নির্দিষ্ট মডেলের গাড়ি কেনার ক্ষেত্রে গ্রাহকদের বিশেষ অটো লোন সুবিধা দেবে ব্র্যাক ব্যাংক পিএলসি।
এ লক্ষ্যে বাংলাদেশে হুন্দাই গাড়ির অফিশিয়াল ডিস্ট্রিবিউটর ফেয়ার টেকনোলজি লিমিটেডের সঙ্গে সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংকটি। এ অংশীদারত্বের আওতায় হুন্দাই ক্রেটা লাক্সারি ও হুন্দাই স্টারগেজার মডেলের গাড়ি কেনার ক্ষেত্রে গ্রাহকরা বিশেষ মূল্য, আকর্ষণীয় উপহার ও সহজ অর্থায়ন সুবিধা উপভোগ করতে পারবেন। ব্র্যাক ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
সম্প্রতি এক অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং প্রধান মো. মাহীয়ুল ইসলাম এবং ফেয়ার টেকনোলজির ট্রেজারি ও হেড অব ক্রেডিট ম্যানেজমেন্ট মো. জাহিদুল কবির নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
জানা যায়, বিশেষ অফারে হুন্দাই ক্রেটা লাক্সারির মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৯ লাখ টাকা। এর সঙ্গে উপহার হিসেবে থাকছে একটি হাইসেন্স ১ দশমিক ৫ টন স্মার্ট কমপ্যাক্ট এয়ারকন্ডিশনার এবং ১০ হাজার টাকার সিক্রেট রেসিপি কুপন। অন্যদিকে হুন্দাই স্টারগেজার পাওয়া যাবে ৩৪ লাখ ৫০ হাজার টাকার বিশেষ মূল্যে। এছাড়া গ্রাহকরা পাবেন বিনামূল্যে রেজিস্ট্রেশন সুবিধা ও ১০ হাজার টাকার সিক্রেট রেসিপি কুপন।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, বিশেষ এ অটো লোনে কোনো প্রসেসিং ফি নেই। এছাড়া গ্রাহকরা প্রথম বছরের অ্যানুয়াল ফি ওয়েভারসহ বিনামূল্যে একটি ব্র্যাক ব্যাংক ক্রেডিট কার্ড (ভিসা ইনফিনিট ক্রেডিট কার্ড ব্যতীত), আকর্ষণীয় ইন্টারেস্ট রেট এবং দ্রুত ঋণ অনুমোদন সুবিধাও উপভোগ করবেন।


