শিরোনাম

South east bank ad

বাংলাদেশ ব্যাংকের রফতানি বহুমুখীকরণ স্কিমে ব্র্যাক ব্যাংক

 প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন   |   আমদানী/রপ্তানী

বাংলাদেশ ব্যাংকের রফতানি বহুমুখীকরণ স্কিমে ব্র্যাক ব্যাংক

বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের উদ্যোগে চালু হওয়া এ তহবিলের লক্ষ্য ‘রফতানি নীতি ২০২৪-২৭’-এর সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের রফতানি পণ্যে বৈচিত্র্য আনা।

প্রথাগত পণ্যের বাইরে নতুন সম্ভাবনাময় খাতের রফতানি সম্প্রসারণে বাংলাদেশ ব্যাংকের ৩ হাজার কোটি টাকার ‘এক্সপোর্ট ডাইভারসিফিকেশন রিফাইন্যান্স স্কিম’ শীর্ষক তহবিলে যুক্ত হয়েছে ব্র্যাক ব্যাংক পিএলসি। এ লক্ষ্যে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে একটি পার্টিসিপেটিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন (পিএফআই) চুক্তি স্বাক্ষর করেছে ব্যাংকটি। ব্র্যাক ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।

জানা যায়, বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের উদ্যোগে চালু হওয়া এ তহবিলের লক্ষ্য ‘রফতানি নীতি ২০২৪-২৭’-এর সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের রফতানি পণ্যে বৈচিত্র্য আনা। বিশেষ করে স্থানীয় কাঁচামাল ব্যবহারকারী খাতগুলোকে এ তহবিলের আওতায় অগ্রাধিকার দেয়া হবে। পাশাপাশি নির্দিষ্ট কয়েকটি বাজারের ওপর নির্ভরতা কমিয়ে নতুন ও সম্ভাবনাময় খাতের আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোও স্কিমটির অন্যতম উদ্দেশ্য।

সম্প্রতি ঢাকায় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ব্র্যাক ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব হোলসেল ব্যাংকিং মো. শাহীন ইকবাল এবং বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক একেএম নুরুন্নবী নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ স্কিমের আওতায় অংশগ্রহণকারী ব্যাংকগুলোকে পুনঃঅর্থায়ন সুবিধা দেবে কেন্দ্রীয় ব্যাংক। এর মাধ্যমে ব্র্যাক ব্যাংক রফতানিমুখী ব্যবসাপ্রতিষ্ঠানকে সর্বোচ্চ ৭ শতাংশ সুদে তিন বছর মেয়াদে অর্থায়ন করতে পারবে। এর মধ্যে ছয় মাস গ্রেস পিরিয়ড হিসেবে থাকবে।

চুক্তি সম্পর্কে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘এ পুনঃঅর্থায়ন সুবিধার মাধ্যমে রফতানিকারকদের সহজ শর্তে ও কম খরচে অর্থায়ন করা সম্ভব হবে। এতে প্রথাগত পণ্যের বাইরে নতুন পণ্যের আন্তর্জাতিক বাজার তৈরির সুযোগ বাড়বে ও দেশের সামগ্রিক রফতানি খাত সমৃদ্ধ হবে।’

রফতানি বহুমুখীকরণে সহায়তার মাধ্যমে এ স্কিম দেশের অর্থনৈতিক সহনশীলতা জোরদার, কর্মসংস্থান সৃষ্টি এবং টেকসই প্রবৃদ্ধিতে অবদান রাখবে। তাই যোগ্য রফতানিকারকদের এ সুবিধা গ্রহণের আহ্বানও জানান তিনি।

BBS cable ad

আমদানী/রপ্তানী এর আরও খবর: