প্রথম রফতানিতে ইন্দোনেশিয়ায় গেল ৫০ হাজার ডলারের মেশিনারি
বেপজার অধীন আটটি ইপিজেড ও দুটি অর্থনৈতিক অঞ্চলসহ মোট চালুকৃত শিল্পাঞ্চলের সংখ্যা দাঁড়িয়েছে ১০টিতে।
বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের (বেপজা) অধীন চট্টগ্রামের মিরসরাইয়ের বেপজা অর্থনৈতিক অঞ্চল (ইজেড-২) থেকে প্রথমবারের মতো আনুষ্ঠানিক রফতানি কার্যক্রম শুরু হয়েছে। এর মধ্য দিয়ে অর্থনৈতিক অঞ্চলটি অপারেশনাল পর্যায়ে প্রবেশ করেছে। ফলে বেপজার অধীন আটটি ইপিজেড ও দুটি অর্থনৈতিক অঞ্চলসহ মোট চালুকৃত শিল্পাঞ্চলের সংখ্যা দাঁড়িয়েছে ১০টিতে।
AKIJ Advertisement
সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল জানানো হয়, বেপজা ইজেড-২-এর প্রথম রফতানিকারক প্রতিষ্ঠান লিজ টোব্যাকো মেশিনারি কোম্পানি লিমিটেড ৩ সেপ্টেম্বর ২০২৬ বেপজা থেকে প্রথম রফতানি অনুমতি পায়। এর ধারাবাহিকতায় মঙ্গলবার প্রতিষ্ঠানটি ৫০ হাজার ডলার মূল্যের টোব্যাকো মেশিনারি ইন্দোনেশিয়ায় পাঠিয়েছে।
সংযুক্ত আরব আমিরাত ও সিঙ্গাপুরের মালিকানাধীন প্রতিষ্ঠান লিজ টোব্যাকো মেশিনারি ২০২৫ সালের ৩ ফেব্রুয়ারি বেপজার সঙ্গে ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করে। বর্তমানে এ প্রতিষ্ঠানের মোট বিনিয়োগের পরিমাণ ৩ দশমিক ৭২ মিলিয়ন ডলার। এখানে কর্মরত রয়েছেন ২৯ জন কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক।
ইন্দোনেশিয়ায় প্রথম রফতানির মাধ্যমে দেশটির সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে বলে মনে করনে বেপজা ইজেড ২-এর নির্বাহী পরিচালক মো. ওয়াহেদুজ্জামান। তিনি বলেন, ‘দেশটি আমাদের রফতানির পরিমাণ তুলনামূলকভাবে কম। এ প্রেক্ষাপটে বেপজা ইজেড-২ থেকে রফতানি শুরু হওয়া দেশের রফতানি বাজার সম্প্রসারণ ও রফতানি গন্তব্য বহুমুখীকরণে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।’


