স্মার্ট ব্যাংকিং ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবনে গ্রামীণফোন-এনসিসি ব্যাংকের অংশীদারত্ব
সম্প্রতি গ্রামীণফোনের প্রধান কার্যালয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়।
স্মার্ট ব্যাংকিং (৪.০), ডিজিটাল রূপান্তর ও প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এগিয়ে নিতে সম্ভাব্য কৌশলগত অংশীদারত্ব নিয়ে কাজ করছে এনসিসি ব্যাংক পিএলসি ও গ্রামীণফোন লিমিটেড। এ সহযোগিতার আওতায় ডিজিটাল পেমেন্ট, প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা, গ্রাহক অভিজ্ঞতার উন্নয়ন এবং ক্যাশলেস অর্থনীতির অগ্রযাত্রায় সহায়ক বিভিন্ন উদ্যোগ নেয়ার বিষয়ে আলোচনা করেছে প্রতিষ্ঠান দুটি। ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
সম্প্রতি গ্রামীণফোনের প্রধান কার্যালয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম শামসুল আরেফিন এবং গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান নিজ নিজ প্রতিষ্ঠানের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।
এ সময় ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম, উপব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান, এসভিপি ও আইসিটি বিভাগের প্রধান মো. সাজ্জাদুল ইসলাম এবং রিটেইল অ্যান্ড ডিএফএস বিজনেস ইউনিটের প্রধান এসএম তানভীর হাসান উপস্থিত ছিলেন। গ্রামীণফোনের পক্ষে ছিলেন হেড অব লার্জ অ্যাকাউন্টস এম শাওন আজাদ; হেড অব লার্জ অ্যাকাউন্টস-৪ মাহাবুবুর রহমান; কি অ্যাকাউন্ট ম্যানেজার সুমাইয়া তারান্নুম, হেড অব প্রডাক্ট, পার্টনারশিপ অ্যান্ড অপারেশনস মো. মাহবুবুল আলমসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৈঠকে এনসিসি ব্যাংকের এমডি এম শামসুল আরেফিন বলেন, ‘গ্রামীণফোনের প্রযুক্তি ও ডিজিটাল সক্ষমতার সঙ্গে আমাদের ব্যাংকিং অভিজ্ঞতার সমন্বয়ের মাধ্যমে গ্রাহকদের জন্য আরো সহজ, নিরাপদ ও নির্বিঘ্ন ডিজিটাল পেমেন্ট অভিজ্ঞতা তৈরি করতে চাই।’
গ্রামীণফোনের সিইও ইয়াসির আজমান এনসিসি ব্যাংকের সঙ্গে সম্ভাব্য সহযোগিতা গ্রাহকদের জন্য আরো উদ্ভাবনী, সুবিধাজনক ও প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা তৈরির সুযোগ সৃষ্টি করবে বলে আশা প্রকাশ করেন। তিনি বলেন, ‘আমরা গ্রামীণফোনের ডিজিটাল ইকোসিস্টেম ও এনসিসি ব্যাংকের ব্যাংকিং সক্ষমতাকে কাজে লাগিয়ে যেকোনো সময় ও স্থান থেকে নিরাপদ ও নির্বিঘ্ন ডিজিটাল পেমেন্ট সুবিধা দেয়ার মতো সমাধান তৈরিতে আগ্রহী।’


