এডিবির ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন’ অ্যাওয়ার্ড পেল ব্র্যাক ব্যাংক
ব্যাংকটির দাবি, লক্ষ্যভিত্তিক আর্থিক সমাধান, ব্যবসায়িক পরামর্শ এবং দক্ষতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগের মাধ্যমে নারী উদ্যোক্তাদের কর্মসংস্থান সৃষ্টি ও ব্যবসা সম্প্রসারণে সহায়তা করছে এসব কার্যক্রম।
নারী উদ্যোক্তাদের অর্থায়ন, ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি ও অন্তর্ভুক্তিমূলক ব্যাংকিংয়ে অবদানের স্বীকৃতি হিসেবে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) ‘উইমেন ইন বিজনেস চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড’ পেয়েছে ব্র্যাক ব্যাংক। এডিবির ১২তম ‘ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্স প্রোগ্রাম’ অ্যাওয়ার্ডসের অংশ হিসেবে গত ৮ সেপ্টেম্বর সিঙ্গাপুরে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকটিকে এ সম্মাননা দেয়া হয়।
নারী উদ্যোক্তাদের জন্য সহজ অর্থায়ন নিশ্চিত করা, ব্যবসায়িক দক্ষতা বাড়ানো এবং নারীবান্ধব ব্যাংকিং পরিবেশ তৈরির মাধ্যমে অর্থনীতিতে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিতে ব্র্যাক ব্যাংকের উদ্যোগকে এ স্বীকৃতির কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। ব্র্যাক ব্যাংকের উইমেন ব্যাংকিং সেগমেন্ট ‘তারা’ এবং ‘এসএমই উইমেন অন্ট্রাপ্রেনিউর সেল’-এর কার্যক্রম এ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। খাদিজা মারিয়ামের নেতৃত্বে পরিচালিত সেলটি নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক প্রতিবন্ধকতা দূর করা, ব্যবসাকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া এবং সম্প্রসারণে বিভিন্ন ধরনের আর্থিক ও পরামর্শসেবা দিয়ে থাকে।
ব্যাংকটির দাবি, লক্ষ্যভিত্তিক আর্থিক সমাধান, ব্যবসায়িক পরামর্শ এবং দক্ষতা বৃদ্ধির বিভিন্ন উদ্যোগের মাধ্যমে নারী উদ্যোক্তাদের কর্মসংস্থান সৃষ্টি ও ব্যবসা সম্প্রসারণে সহায়তা করছে এসব কার্যক্রম। সিঙ্গাপুরের অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের পক্ষে পুরস্কার গ্রহণ করেন ব্যাংকটির রিটেইল ব্যাংকিং অ্যান্ড ট্রেজারির সিনিয়র এইচআর বিজনেস পার্টনার ফারহানা শারমিন সুমী এবং করপোরেট, কমার্শিয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়ের হেড অব ইউনিট-২ জাকিয়া জলিল।
অনুষ্ঠানে এডিবির ডিরেক্টর অ্যান্ড হেড অব জেন্ডার ইকুয়ালিটি ডিভিশন কেইকো নাওকা, ডিরেক্টর অ্যান্ড হেড অব দ্য ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ফাইন্যান্স ডিভিশন স্টিভেন বেক এবং ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন ডিভিশনের ইউনিট হেড অব সাউথ এশিয়া নেহা নোরোনহাসহ ব্যাংকটির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ অর্জন প্রসঙ্গে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, ‘একটি অন্তর্ভুক্তিমূলক ও শক্তিশালী অর্থনীতি গড়ে তুলতে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়ন গুরুত্বপূর্ণ। নারী নেতৃত্বাধীন ব্যবসার বাস্তব চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে উদ্যোক্তাদের এগিয়ে যেতে সহায়তা করতে ব্যাংকের সহকর্মীরা কাজ করছেন।’


