ন্যাশনাল ব্যাংকে এমডির দায়িত্ব নিলেন মোহাম্মদ আবু জাফর
কর্মজীবনে আবু জাফর ব্যবসা উন্নয়ন, তৈরি পোশাক খাতে অর্থায়ন, অফশোর ব্যাংকিং, করপোরেট ব্যাংকিং, ট্রেজারি, ঋণ ব্যবস্থাপনা, বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন এবং শাখা ব্যাংকিংসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন তিনি।
ন্যাশনাল ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ আবু জাফর। ব্যাংক খাতে তার রয়েছে ৩৬ বছরের অভিজ্ঞতা। ন্যাশনাল ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানানো হয়।
কর্মজীবনে আবু জাফর ব্যবসা উন্নয়ন, তৈরি পোশাক খাতে অর্থায়ন, অফশোর ব্যাংকিং, করপোরেট ব্যাংকিং, ট্রেজারি, ঋণ ব্যবস্থাপনা, বৈদেশিক বাণিজ্যে অর্থায়ন এবং শাখা ব্যাংকিংসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করেছেন তিনি। ন্যাশনাল ব্যাংকে যোগ দেয়ার আগে তিনি দ্য প্রিমিয়ার ব্যাংক পিএলসিতে এমডি ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে ঢাকা ব্যাংক পিএলসিতে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার হিসেবে কাজ করেছেন আবু জাফর। এছাড়া ২০২১ সাল থেকে ঢাকা ব্যাংক ইনভেস্টমেন্ট লিমিটেডের এমডি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ১৯৯০ সালে উত্তরা ব্যাংক পিএলসিতে প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং ক্যারিয়ার শুরু করেন আবু জাফর।
এছাড়া তিনি উত্তরা ব্যাংক ও ন্যাশনাল ব্যাংকে ১৫ বছরের বেশি সময় অনুমোদিত ডিলার (এডি) শাখার ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় বৈদেশিক মুদ্রা, আন্তর্জাতিক বাণিজ্য ও শাখা ব্যাংকিং কার্যক্রমে অভিজ্ঞতা অর্জন করেন।


